মোটরসাইকেল ও গরু চুরির ঘটনায় তিন চোর গ্রেফতার, রুহিয়া থানার পুলিশের সাফল্য



নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা পুলিশ পৃথক দুটি চুরির ঘটনায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও চারটি গরু উদ্ধার করেছে।


চুরি হওয়া এসব মালামাল উদ্ধার অভিযানে মোট তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।


রুহিয়া থানা সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার বোদা থানার শহিদুল ইসলামের ছেলে মকবুল হোসেনের দায়েরকৃত মামলায় (মামলা নম্বর-০১, তারিখ: ০১/০৮/২০২৫, ধারা: ৩২৮/৩৭৯/৪১৩ পেনাল কোড) আটোয়ারী উপজেলার দোহসু (মাছয়ারপাড়া) গ্রামের দুই তরুণ, আশিকুর রহমান আসিফ (পিতা: আব্দুল মান্নান) ও আব্দুল্লাহ আল মাসুদকে (পিতা: ওহাব আলী) মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়।


চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার পাটিয়াডাঙি এলাকা থেকে।


অন্যদিকে, গত ১৫ জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার ঘনিমহেষপুর (খালপাড়া) গ্রামের মতিউর রহমানের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ছিল ৩ লাখ ২ হাজার টাকা। পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গরুর মালিক।

অভিযোগের পর পুলিশ মাঠে নামে। উপ-পরিদর্শক সুলতান মাহমুদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ২ আগস্ট পঞ্চগড় জেলার আটোয়ারী ও বোদা উপজেলা এবং ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযানে, তিনটি পূর্ণবয়স্ক গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়।


এছাড়া ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন টেপাগাঁও (ভেড়ভেরী মাদ্রাসা সংলগ্ন) গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সুজন ইসলাম (২২) নামে একজন চোরকে গ্রেফতার করা হয়।


রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, গরু চুরির অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে আমাদের একটি চৌকস টিম অভিযানে নামে। অভিযানে চোরাই গরু উদ্ধারসহ মূল অভিযুক্ত সুজন ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হই।


তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি একটি চোরাই গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।


পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুর বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।


পুলিশের এ ধরনের সফল অভিযান সাধারণ মানুষের আস্থা অর্জনে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url