পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘ইতিবাচক’
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ‘ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) ওমানের রাজধানীতে অনুষ্ঠিত এই প্রথম দফা বৈঠকে উভয় পক্ষ সংযম ও শান্ত মনোভাব বজায় রেখেছে। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওমান। আলোচনার পর উভয় পক্ষ আগামী সপ্তাহে আবারও সংলাপে বসার বিষয়ে সম্মত হয়েছে।
আব্বাস আরাকচি বলেন, “আলোচনা ফলপ্রসূ, শান্ত ও ইতিবাচকভাবে হয়েছে। আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি পৌঁছে গেছি। যদি আগামী সপ্তাহে এই ভিত্তিতে সমঝোতা হয়, তবে সেটি হবে একটি বড় অগ্রগতি।”
তিনি আরও জানান, আলোচনা থেকে মূলত লক্ষ্য ছিল— আঞ্চলিক উত্তেজনা হ্রাস, বন্দি বিনিময়, এবং কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের মধ্যে এবারই প্রথম তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসল ওয়াশিংটন। তবে আলোচনাটি ছিল পরোক্ষ, ইরানের অনুরোধে। দুই পক্ষ আলাদা কক্ষে বসে ওমানের মাধ্যমে বার্তা আদান-প্রদান করে। যদিও ট্রাম্প সরাসরি মুখোমুখি আলোচনার পক্ষে ছিলেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষ ওমানের মাধ্যমে বার্তা আদান-প্রদান করেছে। তবে আলোচনা শেষে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে ইরানের প্রতিনিধিরা সংক্ষিপ্ত সময়ের জন্য সামনাসামনি সাক্ষাৎ করেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
