বিনিয়োগ সম্মেলনে ৩,১০০ কোটি টাকার প্রত্যাশা: বিডা চেয়ারম্যান
ডেস্ক রিপোর্টঃ সদ্য সমাপ্ত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি বলেন, “সম্মেলন সফল হয়েছে কি হয়নি, তা এখনই বলা সম্ভব নয়—এটা সময়ই বলে দেবে। তবে সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।”
বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে জানিয়ে আশিক চৌধুরী বলেন, দেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য প্রতি বছর একাধিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা উচিত।
চার দিনব্যাপী সম্মেলনে ব্যয়ের প্রসঙ্গে তিনি জানান, “প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যার মধ্যে সরকারের অংশ ছিল ১ কোটি ৪৫ লাখ টাকা।”
তবে সম্মেলনের মাধ্যমে সরাসরি বিনিয়োগের ঘোষণা পাওয়া না গেলেও, এটি চলমান আলোচনার অংশ হিসেবে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন বিডা চেয়ারম্যান। তিনি বলেন, “সব বিনিয়োগের কৃতিত্ব এই সম্মেলনের নয়। সামিটে এসেই কেউ বিনিয়োগের ঘোষণা দিয়ে দেন—এমনটা হয় না। তাই এটিকে সামিটের সরাসরি সফলতা হিসেবে দেখার সুযোগ নেই।”
