ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ক ভিসা অব্যাহতি স্কিমের (এসভিইএস) আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, পূর্বে ইস্যু করা এসভিইএস ভিসাগুলোও বাতিল বলে গণ্য হবে।
বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি (সিসিএস) বৈঠকের পর এই ঘোষণা দেন পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী। তিনি জানান, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সীমান্ত সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন -
এসভিইএস স্কিমের অধীনে বিচারপতি, সংসদ সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক ও ক্রীড়াবিদসহ মোট ২৪টি শ্রেণির বিশিষ্ট ব্যক্তিকে ভিসা ছাড়া ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হতো। তবে এখন থেকে পাকিস্তানি নাগরিকদের এ সুবিধা আর কার্যকর থাকবে না।
উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। ঘটনাস্থলে পর্যটন করতে আসা বহু মানুষ এই হামলার শিকার হন।
