সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

ছবিঃ সংগ্রহ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

আদালতের নির্দেশে দুর্নীতির অভিযোগে দ্রুত পদক্ষেপ

বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।


তিনি জানান, রেড নোটিশ জারির প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য প্রকাশ হয়নি। বিষয়টি সম্পূর্ণ হতে আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে বলে জানা গেছে।


পুলিশ সদরদপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। এরপরই এনসিবি গত ফেব্রুয়ারিতে ইন্টারপোলের কাছে আবেদন করে। ইন্টারপোল গত ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।


এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়াও চলছে। এনসিবি তিন ধাপে এ সংক্রান্ত আবেদন ইন্টারপোলের কাছে জমা দিয়েছে।

রেড নোটিশ জারির প্রক্রিয়ায় থাকা অন্যান্য ব্যক্তিরা হলেন:

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
  • সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
  • সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
  • সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক
  • সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
  • ডিএসসিসির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
  • সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক
  • সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ
  • সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

দেশজুড়ে চলমান ছাত্র ও জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এসব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপ জোরদার হয়েছে। ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশের এনসিবি শাখা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url