রংপুরের সেই ফিলিং স্টেশনের চারপাশটা যেন ধ্বংসস্তূপে পরিণত কোনো প্রলয়ের স্মৃতি বহন করছে

রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশে থাকা অ্যাম্বুলেন্স, বাস, মাইক্রোবাসসহ বহু যানবাহন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এলাকা যেন মুহূর্তেই রূপ নিয়েছিল যুদ্ধবিধ্বস্ত নগরীতে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার দুপুরে সিও বাজার এলাকার একটি এলপিজি ফিলিং স্টেশনে মেরামতের কাজ চলাকালীন হঠাৎ গ্যাসের ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্যাংকের অংশ ও যন্ত্রাংশ ছিটকে গিয়ে আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, দুটি দূরপাল্লার বাস ও কয়েকটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও ধ্বংসস্তূপ। আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে, দরজা-জানালা ছিটকে যায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের মতে, দৃশ্যটি যেন কোনো আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পরের চিত্র।


সেই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, “সাত দিন আগে ফিলিং স্টেশনটির একটি পাইপে লিকেজ দেখা দেয়। তখন আমাদের কাউকে কোনো সতর্কতা জানানো হয়নি। আজও কিছু বলা হয়নি। মেরামতের সময়ই বিস্ফোরণ ঘটে। আমার বাড়ির তিনতলা ভবনের দরজা-জানালা, আসবাবপত্র তছনছ হয়ে গেছে।”

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজি মোজাফফর হোসেনের ছয়তলা ভবন, আবদুল্লাহ আল মামুন, রাজু মিয়া, মৃত ডাক্তার মতিয়ার রহমান ও ছালেক মিয়ার বাড়িসহ আশপাশের অনেক স্থাপনা।


ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবদুল্লাহ আল মামুন বলেন, “এমন ঝুঁকিপূর্ণ কাজ করার আগে আশপাশের বাসিন্দাদের সতর্ক করা উচিত ছিল। প্রাণহানি না হলেও বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”


বিস্ফোরণে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৪৫), তিনি একজন প্রকৌশলী ছিলেন বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, “খবর পাওয়ার পরই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্টেশনটি তখন মেরামতের জন্য বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকে অতিরিক্ত গ্যাসের চাপ তৈরি হওয়ায় এই বিস্ফোরণ ঘটে।”


বিস্ফোরণের পর কিছু সময়ের জন্য রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এলাকাজুড়ে এখনও আতঙ্ক বিরাজ করছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url