মাদক সম্রাজ্ঞী তামান্না, সিনেমা নয়

 


দুই বান্ধবীর রমরমা মাদক ব্যবসা! আনন্দের জীবন তাদের। এ রকম জীবনে যদি ঢুকে পড়ে দুই পুরষ, তাহলে যা হওয়ার, তাই হয়। সে রকম এক মাদক সম্রাজ্ঞী হিসেবে দেখা যাবে তামান্নাকে। তবে সেটা সিনেমায় নয়, ধারাবাহিকে। নতুন সিরিজে অভিনয় করছেন দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। রোমান্টিক থ্রিলার এই সিরিজের নাম ‘ডেয়ারিং পার্টনারস’।

অন্যরকম এক সিরিজ হতে যাচ্ছে ‘ডেয়ারিং পার্টনারস’। কারণ এটি নির্মাণ করছেন বলিউডের তারকা নির্মাতা করণ জোহর। সিরিজটি দেখা যাবে ওটিটিতে। সেখানে তামান্নার বান্ধবী হিসেবে থাকবেন অভিনেত্রী ও মডেল ডায়না পেন্টি। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুজনার প্রেমিকের ভূমিকায় অভিনয় করবেন অঙ্কিত গুপ্ত ও শোয়েব ইব্রাহিম। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা দেননি করণ জোহর।

ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন তামান্নার দখলে। দক্ষিণ ভারত থেকে বলিউড, সবখানে তার জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী। অভিনয় থেকে ব্যক্তিজীবন, সবকিছু নিয়েই আগ্রহী তার অনুরাগীর দল। বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার প্রেমের ঘটনা তো সবারই জানা! যদিও দুজনের কেউই বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। প্রেমিককে নিয়ে তামান্নার বক্তব্য এতটুকুই, সিনেমাই তাদের একসঙ্গে থাকার যোগসূত্র। সেটাই হওয়ার কথা! কারণ ছবির সেটেই পরস্পরের প্রেমে পড়েছিলেন তারা।

দীর্ঘদিনের চর্চা, তামান্না খোলামেলা দৃশ্যে অভিনয় করেন না। কিন্তু দীর্ঘ ১৮ বছরের সেই চর্চা ছেড়ে পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাচ্ছে তামান্না ভাটিয়াকে। এসব প্রসঙ্গে জানতে চাইরে ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে তামান্না বলেন, ‘এত বছরের ক্যারিয়ারে কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। কারণ পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখলে নিজেই লজ্জা পাই। সবসময় মনে হতো, এসব দৃশ্যে আমি কখনই অভিনয় করব না। কিন্তু তবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর কথা ভিন্ন।’

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরানমানাই ৪’ মুক্তির পর তামান্নাকে দেখে চোখ কপালে ওঠে ভক্তদের। এ কোন তামান্না! সিনেমায় তার ও রাশি খান্নার আইটেম গান ‘আচাচো’ রীতিমতো ঝড় তোলে। এ গান প্রকাশের পর আইটেম গানে তামান্নার চাহিদা বাড়তে শুরু করে। শেষবার তাকে দেখা গেছে মুক্তি প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘স্ত্রী-২’-এর আইটেম গান ‘আজ কি রাত’-এ। এখানেও তামান্নাকে দেখা গেল আবেদনময়ী রূপে। প্রকাশের পরপরই ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে আসে গানটি। ছবিটি আজ ভারতে মুক্তির কথা রয়েছে। এতে তামান্না ছাড়া আরও অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান প্রমুখ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url